মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ইমাম, আলেম ও ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুস ছালাম খান।
তিনি বলেন, বাংলাদেশের জন্য নিরাপদ অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকজন যেন পাচারের শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সারা দেশে প্রায় পাঁচ লাখ মসজিদ আছে। এসব মসজিদের ইমাম এবং আলেম-ওলামারা খুতবায় নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করতে পারেন।
গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ইমামদের নিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, আমার বাড়ি মাদারীপুরে। সেখানকার সবাই ইতালি যেতে চায়। অনেকেই নিরাপদ পথে না গিয়ে ভুল পথে যান। এসব বিষয়ে সচেতনতা জরুরি। ইমাম ও আলেমরা এই সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ১০ লাখেরও বেশি মানুষ কাজের জন্য বৈধভাবে বিদেশে যাচ্ছেন।