চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
এতিম ও অসহায় শিশুদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরীর জামায়াতের দক্ষিনের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামকে প্রকৃত অর্থে মানুষের কল্যাণের জন্য ইসলামের যাবতীয় কার্যক্রম ইহকালে মানুষের কল্যাণ ও পরকালে মানুষের মুক্তি। ইসলামের দৃষ্টিতে এতিমদের মর্যাদাপূর্ণ করা হয়েছে। এতিমদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ, অধিকার রক্ষা ও লালন-পালন করা আমাদের ঈমানি দায়িত্ব। বাবা-মার যে প্রয়োজন দুনিয়ার সকল সম্পদ দিয়ে তার অভাব পূরণ করা যাবে না। তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠি, অসহায়, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এ রমজান মাসে সকলকে এগিয়ে আসার উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের জামায়াতের সহকারী পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু গিফারী, সাধারণ সম্পাদক মোঃ আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।