আমেরিকা ও বাংলাদেশকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আনন্দিত বলে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।
ড. খলিলুর রহমান মন্ত্রী হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে এ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার সাক্ষাৎ করেন।
শুরুতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান। এরপর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান।