এম এ আর মশিউর : রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুন্সি নাজমুল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৫০ জন এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পারিবারিক সংকট লাঘবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সংস্থার প্রধান উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আহসান আলী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন এবং সংস্থার সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক আশরাফ আলী। বক্তারা বলেন, শিক্ষা উপকরণ বিতরণের মতো মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগায় এবং তাদের ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সি নাজমুল হোসেন বলেন, মানবকল্যাণে আমরা এই স্লোগানকে সামনে রেখে রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার পথচলা। আজকের এই ছোট্ট উপহার কোনো অনুগ্রহ নয়, বরং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে এই প্রত্যাশা আমাদের।