অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক সমস্যা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম ও বাজারকেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা বাড়ছে। এর প্রভাব পড়ছে কিশোর-তরুণদের ওপর, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, শনিবার গভীর রাতে উপজেলার বাগদা, বাগুটিয়া ভাটপাড়া ও গাজীপুর এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও উদ্ধারকৃত মাদকের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে পুলিশ বলছেÍএটি স্থানীয় পর্যায়ে সক্রিয় একটি চক্রের অংশ।

এছাড়া একই অভিযানে চুরি মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই একটি মেশিন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সম্প্রতি এলাকায় কয়েকটি চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে আরও একজনকে নারী ও শিশু নির্যাতন (নাঃশিঃনিঃ) মামলায় এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ১১ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।