সনদ বিতরণ
পঞ্চগড়: পঞ্চগড়ে যুব প্রশিক্ষন কেন্দ্রে তিন মাস মেয়াদী ,গবাদি প্রাণী, হাঁস -মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক ১০৬ তম ব্যাচের সমাপনী ও সনদন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৩১ মার্চ দুপুরে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শাহিনা আরা সুলতানা গণী এর সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন।
জরিমানা
মীরসরাই: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় অবস্থিত শেফা ইনসান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
গুরুত্বারোপ
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘শহর সমন্বয় কমিটির’ (টি.এল.সি.সি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় দাউদকান্দি পৌরসভার বর্তমান অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দাউদকান্দি পৌরসভা প্রশাসক রেদওয়ান ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা পরিকল্পিত নগরায়নের ওপর বিশেষভাবে জোর দেন।সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
শ্রীপুর (মাগুরা): মাগুরায় জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় প্রতিরোধের লক্ষ্যে ৩০ মার্চ ২০২৬ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
পৃথক অভিযানে আটক
বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ২ জনকে আটক করেছে র্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তর, পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের ফাগুয়ারদিয়াড় গ্রামের জামতলা এলাকা থেকে আলাউদ্দিনের ছেলে মিঠুন(৩৭) কে ইয়াবাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় মিঠন কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামী গ্রেফতার
রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৪ জুয়ারি সহ ১ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় রোববার (২৯মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম (৪০), ফেরদৌস (৪০), ইউনুস (৪৫) ও দিলীপ (৪০) নামের চার জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জুয়ারিদের বাড়ি আদর্শ বাজার কানুরাম এলাকায়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়ারী পালিয়ে যায়। অপরদিকে ওই দিন রাতে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের মহির উদ্দিনের ছেলে আফতার আলী(৫০)কে ও গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।
বাগমারায় বিপুল পরিমাণ মজুদ পেট্রোল উদ্ধার
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী এলাকায় অভিযান চালিয়ে এক কসমেটিক্স ব্যবসায়ীর বাড়ী থেকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাগমারা থানার ডিএসবির (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) গোপন সংবাদের ভিত্তিতে দানগাছী গ্রামের ব্যবসায়ী আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল জব্দ করে। অভিযানের খবর পেয়ে ওই ব্যবসায়ী আগেই সটকে পড়েন।
ডিএসবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার ভবানীগঞ্জ বাজারের এক কসমেটিক্স ব্যবসায়ী। কসমেটিক্স ব্যবসার আড়ালে তিনি অধিক লাভের আশায় তার বাড়ির খাটের নিচে অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ করে রাখেন। সেখান থেকে গভীর রাতে তিনি গোপনে তা বিক্রি করে আসছিলেন। এলাকায় জ¦ালানি তেলের ব্যাপক সংকট থাকলেও বেশি দামে তার কাছে সহজেই পেট্রোল ও ডিজেল পাওয়া যেত।
এ বিষয় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অবৈধভাবে মজুদ করা ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বরে জানান।