পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া।
এছাড়াও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত আলোচনা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং হয়রানি বন্ধে ‘মিথ্যা মামলা’ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, নিজ নির্বাচনি এলাকা বাউফল সহ পটুয়াখালী জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আদর্শ জনপথ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দেন। প্রশাসনের প্রতিটি স্তরের জবাবদিহি নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি।