লক্ষ্মীপুর সংবাদদাতা: ডাকাত আতঙ্কে দিন রাত পার করছে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বাসিন্দারা। এলাকাটি নোয়াখালীর চাটখিল সংলগ্ন উপজেলা হওয়ায় ডাকাতদল খুব সহজে ডাকাতি করে সটকে পড়তে পারে। গত এক সপ্তাহে দুই জেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুরের বশিকপুরের দুই গ্রামের তিনঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। ঘটনাস্থলের পাশে দত্তপাড়া বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র এবং পোদ্দার বাজারে পুলিশ ক্যাম্প রয়েছে।
এ সব ঘটনায় কোন মামলা হয়নি, তবে ভুক্তভোগীদের মামলা কিংবা অভিযোগ করতে বলছে পুলিশ। এছাড়া স্থানীয় অপরাধীদের বিষয়ে তথ্যে দিতে বলছে বাহিনীটি।
বশিকপুর ইউনিয়নটি পূর্ব থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এর মধ্যে ডাকাতির ঘটনায় এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতরা ঘরের বাসিন্দাদের আগ্নেয়াস্ত্র এবং ধারালো চুরির মুখে জিম্মি করে হাতমুখ বেধে মালামাল লুটে নেয়। ঘটনার সময় মারধরও করা হয়।
এলাকাজুড়ে যখন একের পর এক ডাকাতির ঘটনা সংঘটিত হয়, তখন স্থানীয় লোকজন নিজ উদ্যোগে দলবদ্ধ হয়ে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করেছে- এমনটি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।
সরেজমিনে সীমান্তবর্তী এলাকাটিতে ঘুরে ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে ডাকাতির তথ্য নিশ্চিত হওয়া গেছে।