রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার অভিযোগ তুলে আসাদ নামের এক যুবকের বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. আসাদুজ্জামান তালুকদার। তিনি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মৃত আব্দুল বারেক তালুকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার অভিযোগ তুলে শুক্তগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাদল ডাকুয়ার নির্দেশে তার ভাই মামুন, সোবহান ও তাদের সহযোগীরা গত ১৪ ফেব্রুয়ারি তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি, হকিস্টিক ও লাঠি দিয়ে তাকে ও তার ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।