নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজিবুল হক শানুর বিরুদ্ধে দুর্নীতি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট তার অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুটিয়াকাঠি ইউপির সাধারন মানুষের ব্যানারে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ মানববন্ধন শুরু হয়।

বক্তব্য রাখেন ত্রিধা বিভক্ত বিএনপির এক অংশের নেতা সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অলিউল তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম সাগর প্রমুখ। মানব বন্ধনে বক্তারা প্যানেল (মাত্র ১ মাস পূর্ন করা) চেয়ারম্যানের নানা ধরনের দুর্নীতির কথা তুলে ধরে অবিলম্বে তার পদত্যাগ দাবী করেন। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সুটিয়াকাঠী ইউপির সামনে থেকে শুরু হয়ে মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

তবে যার বিরুদ্ধে এ মানববন্ধন সেই চেয়ারম্যান রাজিবুল হক শানু সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইউনিয়ন পরষদে টিআর কাবিখা উন্নয়নের জন্য বরাদ্ধ ২২ লক্ষ টাকা। এ কাজ সম্পন্ন করার জন্য নিয়ম অনুসারে মেম্বরদেরকে ভাগ করে দেয়া হয় এবং সে অনুসারে কাজ চলমান।

গত ১৩ মার্চ স্থানীয় কয়েক যুবক আমার দপ্তরে এসে তাদেরকে অনৈতিকভাবে কাজ দেয়ার দাবী তোলে। এসময় তারা আমাকে নানা প্রকারের হুমকি ধামকি দেয়। আমি ওইদিনই হিরন, মহসিন, সোহেল ও মিজানুরের নাম উল্লেখ করে নেছারাবাদ থানায় অভিযোগ দায়ের করি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তাদের এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। চেয়ারম্যান শানু দাবী করেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি দেখাতে পারলে আমি সেচ্ছায় এখান থেকে অব্যহতি নেবো।