মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে স্বামীর ওয়ারিশসূত্রে পাওয়া জমি দখলকে কেন্দ্র করে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে নিহতের অভিযোগ উঠেছে তাঁরই পুত্রবধূ ও নাতিদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধা বিলাতুন বেগম গতকাল সোমবার (১ জুন) সকাল সাড়ে দশটার দিকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর আগে তিনি বাদী হয়ে টংগীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের পূর্ব আলদী গ্রামের মৃত শুকুর আলী শেখের স্ত্রী বিলাতুন বেগমের (৮০) সাথে তাঁর পুত্রবধূ আকলিমা বেগম (৪০) এবং নাতি সিয়াম শেখ (২২) ও শ্রাবণ শেখের (১৭) দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিবাদীগণ বিলাতুন বেগমের স্বামীর ওয়ারিশ সম্পত্তি আলদী মৌজার ৭ শতাংশ জমি জোরপূর্বক জবরদখল করে ভোগ করে আসছিল। ভুক্তভোগী বৃদ্ধা ইতিপূর্বে জমি ভাগ-বাঁটোয়ারার কথা বললে বিবাদীগণ তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি-ধমকি ও মারধর করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৬ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১১টায় পূর্ব আলদী গ্রামের বিলাতুন বেগমের বসতবাড়িতে জমিজমার পূর্ব বিরোধের জের ধরে বিবাদীগণ তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বৃদ্ধা এর প্রতিবাদ করলে পুত্রবধূ ও নাতিরা উত্তেজিত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। পরে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান ও থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের জেরে পুনরায় মারধর করা হয় তাকে। পরে ফের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মৃত্যু হয় তার।

টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাছাড়া পূর্বের অভিযোগটি আমলে নিয়ে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।