কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুরে সাজাপ্রাপ্ত এক আসামী ধরতে স্থানীয় জনতার (মব) হামলার শিকার হয়েছেন তিনজন পুলিশ সদস্য। এসময় সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেলেও ওই রাতেই পাশবর্তী তালা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের পলাতক সাজাপ্রাপ্ত আসামী আমিনউদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামীর স্বজন ও স্থানীয় কিছু লোকজন পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সুযোগে ধৃত আসামী জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। হামলায় একজন উপ পুলিশ পরিদর্শকসহ তিনজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে এবং আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোপণ খবরের ভিত্তিতে ওই রাতেই পুলিশ পলাতক সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর হোসেনকে আটক করতে সক্ষম হয়। এরমধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য হাবিবুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে কেশবপুর থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানিয়েছেন।