বাগেরহাট সংবাদদাতা: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ছেলেকে হত্যাকরে স্ত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, আমি কয়েকটি ফোন কল পেয়েছি। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন কে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেও বিচলিত নই। যে বিষয়টি নিয়ে এমন ঘটনা ঘটছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। সম্ভবত কিছু অজ্ঞাত নম্বর থেকে এসব করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।