কুড়িগ্রাম-১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মইদাম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রুকনুজ্জামান (২৬) ও তার এক কর্মী সৌরভ শেখ(১৯) গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আহত রোকনুজ্জামান অভিযোগ করে বলেন, দুপুরে তিনি মইদাম বাজারে গিয়ে দেখতে পান বিএনপির কর্মীরা ভোটারদের মাঝে প্রকাশ‍্যে হোটেলের খাবার টোকেন বিলি করতেছেন। আমার কর্মী সৌরভ সেটার ভিডিও করায় তারা ক্ষেপে যায় এবং মারমুখী হয়। আমি এর প্রতিবাদ করায় বিএনপির কর্মী মাহবুব, শফিকুল, হাদী দোকানদার ও মুকুলের নেতৃত্বে পনের বিশজনের একটি গ্রুপ আমাকে ও আমার কর্মী সৌরভকে মাটিতে ফেলে প্রচণ্ড মার পিট করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি।

সহিংসতার খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাগেছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুইজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"