অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা'র ২৩তম ডিস্ট্রিক্টে অবস্থিত প্রায় দেড় হাজার অতিথি ধারণক্ষমতাসম্পন্ন ‘রয়েল ইভেন্ট হল’-এ ইউনিয়ন অব ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস (UID) ভিয়েনা শাখার উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মুসলিম নেতৃবৃন্দের সম্মানে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ান সরকারের পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের পুত্র নেজমেত্তিন বিলাল এরদোগান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ক্ষমতাসীন দল Adalet ve Kalkınma Partisi (একে পার্টি)-এর ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া।
ইউনিয়ন অব ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস, ভিয়েনার সভাপতি মাহমুদ কোচের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। জার্মানি থেকে আগত UID-এর কেন্দ্রীয় সভাপতি কেনান আসলান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং প্রবাসী মুসলিম কমিউনিটির ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি বিলাল এরদোগান কোরআন তিলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা তুলে ধরেন। পাশাপাশি তুরস্ক সরকারের উন্নয়ন কার্যক্রম, ইউরোপে মুসলমানদের সমসাময়িক চ্যালেঞ্জ এবং প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এ ইফতার মাহফিলে তুর্কি ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বসনিয়ান, আরব, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান কমিউনিটির বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল সদস্য ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান প্রকৌশলী হাসিম মোহাম্মেদ। ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।