চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল ‘নিশান এক্সট্রেইল’ গাড়ি উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার সকালে ডবলমুরিং মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মো. সাইমন (৩৬) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাবুনগর এলাকার বাসিন্দা। তিনি নগরীর ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া এলাকার ফয়েজ আহমেদ লেইনে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি তার ব্যবহৃত নিশান এক্সট্রেইল গাড়িটি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৩১ নম্বর বাড়ি ‘দি বিটিআই মেট্রোপোল’-এর নিচতলায় পার্কিং করে বাসায় যান। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দারোয়ান তাকে জানান, পার্কিংয়ে থাকা গাড়িটি চুরি হয়ে গেছে। পরে ভুক্তভোগী বিষয়টি নিশ্চিত হয়ে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা রুজুর পরপরই থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে মো. সাইমনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের সীতাকু- থানার ডিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, মো. সাইমন একজন পেশাদার চোর। এর আগে ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় চুরির একটি মামলা দায়ের হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার আসামিকে নতুন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।