ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণ রোড, ছয়বাড়িয়া ও আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ দ্রুত অপসারণ, পরিবেশ রক্ষা এবং জনভোগান্তি নিরসনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুন (বৃহস্পতিবার) বিকেল ৫:০০ ঘটিকায় স্থানীয় ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জুনায়েদ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী চিকিৎসক জনাব আবু হানিফ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যত্রতত্র বর্জ্য ফেলে রাখার কারণে ৭নং ওয়ার্ডের গোকর্ণ রোড, ছয়বাড়িয়া ও আমিনপুর এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। এই নরকীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতেই আজ এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে এই ময়লার স্তূপ অপসারণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।