আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এর অধীনে নবনিযুক্ত আটজন চিকিৎসক কর্মকর্তা যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। এছাড়া উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, এমওডিসি মিলন হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং নবনিযুক্ত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। ফুলের তোড়া, শুভেচ্ছা বক্তব্য এবং উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। এতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ছোঁয়া লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের পর নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা নিয়ে আশাবাদ বেড়েছে।
উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সারাদেশে হাজার হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, যা উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নতুন যোগদান স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন শুরু করেন এবং স্থানীয় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।