আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান গাজীপুর জেলা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল, এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং যেকোনো পরিস্থিতিতে সংবিধান ও আইন অনুসরণ করে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এছাড়াও পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি, সমন্বয় ও জনসাধারণের সঙ্গে আচরণ নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।