নীলফামারী সংবাদদাতা : বিএনপিতে যোগদান করেও রক্ষা হলো না হত্যাসহ ৪টি মামলার আসামী নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের। অবশেষে মঙ্গলবার(১৭ ফের্রুয়ারি) দুপুরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন নীলফামারী থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি ছিলেন।

গত ২০ জানুয়ারি তিনি ও তার পরিষদের কয়েকজন ইউপি সদস্য জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্টানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

মামলার সূত্র মতে, চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জেলা সদরের রামগঞ্জে কৃষক আবু বক্কর সিদ্দিক হত্যা মামলার একজন এজাহারভূক্ত অন্যতম আসামী (মামলা নং জিআর ৩২০/২৪)। এছাড়া ২০২৪ সালের ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলা (মামলা নং জিআর ২৬৯/২৪) ও একই দিন জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, লুটতারাজ ও সন্ত্রাসী কর্মকা-ে দায়েরকৃত (জিআর ২৬৭/২৪) মামলার এজাহারভূক্ত অন্যতম আসামীসহ ৪টি মামলার আসামী ছিলেন তিনি। এসব মামলা দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। কিন্তু বিএনপিতে যোগদানের পর থেকে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াতেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত চেয়ারম্যান হেদায়েত আলীকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।