মোংলা সংবাদদাতা : মোংলা বন্দরে সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণের লক্ষ্যে “আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা (Port Reception Facility–PRF)” শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২৬ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব) এবং হারবার মাস্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আন্তর্জাতিক MARPOL Convention-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে সামুদ্রিক দূষণ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। এ কনভেনশনের বিধান অনুযায়ী আন্তর্জাতিক বন্দরসমূহে কার্যকর ও আধুনিক Port Reception Facility পরিচালনা একটি বাধ্যতামূলক মানদ-। মোংলা বন্দরে নবনির্মিত এই পিআরএফ স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক জাহাজ ও দুর্ঘটনাকবলিত জলযান থেকে নির্গত তেল ও বর্জ্য আন্তর্জাতিক মান অনুযায়ী সংগ্রহ, পরিশোধন ও নিরাপদ নিষ্কাশনের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পের আওতায় সংযোজন করা হয়েছে দুটি তেল অপসারণকারী জলযান, একটি বর্জ্য সংগ্রহকারী জলযান, একটি আধুনিক পিআরএফ প্লান্ট, একটি ডাম্প বার্জ, একটি সেল্ফ প্রপেল্ড বার্জ, একটি সার্ভিস টাগ বোট এবং একটি পন্টুনসহ প্রয়োজনীয় জেটি ও ইয়ার্ড সুবিধা। এসব অবকাঠামো ও যন্ত্রপাতির সংযোজনের মাধ্যমে মোংলা বন্দর একটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানসম্পন্ন সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনা সুবিধাসম্পন্ন বন্দরে রূপ লাভ করেছে।

পোর্ট রিসেপশন ফ্যাসিলিটির কার্যক্রম শুরু হয় সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকেই। মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিশেষায়িত জলযানের মাধ্যমে বহিনোঙর ও বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে দূষিত তেল ও বর্জ্য সংগ্রহ করে পিআরএফ প্লান্টের নিজস্ব জেটিতে আনা হয়। পরবর্তীতে বিশেষায়িত ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে বর্জ্য পরিশোধনের ধরন নির্ধারণ করা হয় এবং দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে ধাপে ধাপে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় বর্জ্য শোধন কার্যক্রম সম্পন্ন করা হয়।