সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় পরিবারের ১১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৪ মার্চ) সকালে সৈয়দপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কয়া গোলাহাট এবরাতুল্লাহ সরকার পাড়ায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, ওই এলাকার শহিদুল ইসলাম পরিবার ও শাহজাহান আলী পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ইতোপূর্বেও একাধিকবার দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবারও (১৩ মার্চ) বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে।
এতে শাহজাহান পরিবারের দুই জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১০ টার সময় আবারও সংঘর্ষ বাঁধে তাদের মাঝে। এতে শাহজাহান পরিবারের ৫ জন ও শহিদুল পরিবারের ৪ জন আহত হয়। দীর্ঘ ৩ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।