হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে তিনটি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা ও চিমনি গুঁড়িয়ে দেয়াসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত সোমবার (২ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন ও বেতিলা মিতরা ইউনিয়নে এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

এসময় পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী একতা ব্রিকস, লেমুবাড়ী এমিকা ব্রিকস ও বেতিলা মিতরা ইউনিয়নে বারতা এসএমএস ব্রিকস-এ অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই জরিমানা করানো হয়েছে।