গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা শহরের পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশনে গত সোমবার দুপুরে টিনের চালে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া ১১ হাজার কেভি ভোল্টেজের তারে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজগর আলী (৪৫) নামে এক কাঠ মিস্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত আজগর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের খোকা মিস্ত্রীর ছেলে।

স্থানীয়রা জানায়, শহরের পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশনে ঘরের টিন লাগানোর কাজ করছিল আজগর আলী। কাজ করার সময় হঠাৎ ১১ হাজার কেভি ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কাঠমিস্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।