দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: একটি অবৈধ গ্যাস সংযোগ এবং সেই লাইনের সামান্য লিকেজ—এই দুইয়ের মরণফাঁদে পড়ে প্রাণ হারালেন উম্মে হুমায়রা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা। কুমিল্লার দাউদকান্দিতে গত মঙ্গলবার ভোরে ঘটা সেই ভয়াবহ বিস্ফোরণের চারদিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘড়িতে তখন সকাল ৬টা। দাউদকান্দি পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) এলাকার পিয়ার হোসেনের তিনতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জানা যায়, অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসই ছিল এই অগ্নিকাণ্ডের উৎস। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় একই পরিবারের চার সদস্যকে।বিস্ফোরণে দগ্ধ চারজনকেই দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন উম্মে হুমায়রা। নিহতের পরিবার জানায়, হুমায়রা স্থানীয় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দগ্ধ জিয়াউল হকের বোন জামাই মোখলেসুর রহমান।দুর্ঘটনায় দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে জিয়াউল হকের (৩৭) শরীরের ৫৬ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য দুই দগ্ধ সদস্য হলেন মনোয়ারা (৬০) এবং মাত্র দুই বছরের শিশু হুররাম।একটি অবৈধ সংযোগের পরিণতিতে একটি সাজানো পরিবার এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। উম্মে হুমায়রার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।