সুনামগঞ্জে ২ আসনে (দিরাই-শাল্লা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির এর নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বরাম হাওরে দিরাই ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া(২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন অকুস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির দাড়ি পাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি গাড়ি প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় এল ই ডির মাধ্যমে নির্বাচনী এলাকায় ঘুরতে থাকে।প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়।কিছুক্ষণ পর ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে।

এসময় মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানানরকম শ্লোগান দেয়। এক পর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেয়া হয়। কিন্তু মিছিল কারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে।পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদির পুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ১০/১২ জন লোক এসে গাড়ীটিতে হামলা ও ভাংচুর করা হয়।

দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলার ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।