সারিয়াকান্দি সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলায় যমুনার করাল গ্রাসে প্রতিনিয়ত মানচিত্র থেকে মুছে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা। এই প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে ‘মনুষ্যসৃষ্ট দুর্যোগ’ অবৈধ বালু উত্তোলন। যমুনার বুক ক্ষতবিক্ষতকারী এই অবৈধ ড্রেজারের গর্জন থামিয়ে দিতে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে নদীর বুক ক্ষতবিক্ষত করা হচ্ছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং ভাঙন তীব্রতর হচ্ছে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। জনপদ রক্ষায় কোনো অপশক্তির সাথে আপস করা হবে না।
শুধু বালু উত্তোলনই নয়, সভার একটি বড় অংশ জুড়ে ছিল মাদকবিরোধী অভিযান ও সামাজিক অপরাধ দমন। এমপি কাজী রফিক মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটন করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস-এর সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার। সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এমপির এই উদ্যোগের প্রতি একাত্মতা ঘোষণা করেন।
সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। এমপির এই বলিষ্ঠ ঘোষণা ও জিরো টলারেন্স নীতি স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে। এখন প্রশাসনের মাঠপর্যায়ের তৎপরতা এই নির্দেশকে কতটা কার্যকর করতে পারে, সেদিকেই তাকিয়ে আছে নদীপাড়ের হাজারো মানুষ।