চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

গত ১৯ জানুয়ারী রাত পৌঁনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই অভিযান চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেন এর ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়- মহাসড়কের নিয়মিত টহলরত অবস্থায় ইলিয়টঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন টিম কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিওন) শাহিনুর আলম জানান- আমাদের চেক পোস্ট চলাকালীন অবস্থায় এশিয়া এয়ারকন (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) বাসটি তল্লাসী করে বিদেশী পিস্তলসহ তাদেরকে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে অস্ত্র কেনা-বেচার অনেক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় চান্দিনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অস্ত্রের সাথে আরও কারা জড়িত আছে ওইসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আসামীদের রিমান্ডের আবেদন করা হয়েছে।