চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন বিটাক বাজার মোড়ে একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মীদের অভিযোগ, কয়েক মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। সে সময় আকাশ দাশ বিষয়টির প্রতিবাদ জানান। এরপর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিল। পূর্বের সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করা হয় বলে দাবি তাদের।

আকাশের ভাই সাগর দাশ জানান, রাত আটটার দিকে বাসায় খাবার খেয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন আকাশ। কারখানার সামনে পৌঁছে তিনি দেখতে পান, তার সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ি এলাকার রাতুল, ইমন, মহসিন ও নাজমুলের কথা কাটাকাটি চলছে।

একপর্যায়ে তারা মাইকেলকে মারধর শুরু করলে আকাশ এগিয়ে যান। তখন হামলাকারীরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু বলেন, কারখানার সামনে আকাশের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আটক করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।