মাদরাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক নেতাদের সহযোগিতা কামনা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান বলেন, মাদরাসা শিক্ষা এমন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা, যা দুনিয়া ও আখিরাতÑউভয় জগতের কল্যাণমুখী পথনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের আমল-আখলাক, তাহযিব ও তমদ্দুন গঠনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদরাসার শ্রেণিকক্ষগুলোকে শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, বিষয়ভিত্তিক গঠনমূলক পাঠদান এবং যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়- সবাইকে একটি পরিবার উল্লেখ করে একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে উপস্থিত শিক্ষক নেতাদের গঠনমূলক সংশোধনে সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন ভাইস চ্যান্সেলর। একইসাথে আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক সেবাদানে সর্বদা আন্তরিক থাকবে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারীর মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীসহ জমিয়াতুল মোদার্রেছীন-এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক নেতা এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি।