ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নির্বাচনী দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন।

মহাপরিচালক বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, জাল ভোট, ব্যালট ছিনতাই কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যেকোনো অপ্রীতিকর ঘটনা রিপোর্ট করার নির্দেশ দিয়ে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সরাসরি অ্যাপের মাধ্যমে প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

তিনি আরও বলেন, শারীরিকভাবে সক্ষম, প্রশিক্ষিত ও দক্ষ সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে। দেশ ও বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রেখে জনগণের আমানত রক্ষা করাই আনসার-ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে গাজীপুরের পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরাও যুক্ত ছিলেন। সমাবেশ শেষে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, পেশাদারিত্ব, সততা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে।