কেশবপুর (যশোর) সংবাদদাতা : সরকার নির্ধারিত মূল্যের সাথে বাজার মূল্যের ব্যবধান প্রায় সমান হওয়ায় নির্ধারিত সময়ের আগেই কেশবপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান সম্পন্ন হয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় মিল মালিক ও কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগামীতে বরাদ্দ বাড়ানোর দাবি কৃষকদের। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সারাদেশ ব্যাপী সরকারিভাবে আমন মওসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। কিন্তু কেশবপুর খাদ্য গুদামে ২৫ নভেম্বর ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। সরকারিভাবে প্রতিকেজি ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকা বাজার দর নির্ধারণ করা হয়। সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ধান- ২০০ মেট্রিকটন ও চাল ৩৩৩ মেট্রিকটন। সংগ্রহ অভিযান শেষ হওয়ার সময় নিদ্ধান করা হয় ২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। শীত আর ঘন কুয়াশার কারণে সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষ সময়ে আবহাওয়া পরিবর্তন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ অভিযান শেষ হয়।