উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য ও জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনালের মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাসের সঞ্চালনায় মাওলানা রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে হাতে অস্ত্র তুলে নিয়ে যদি স্বাধীনতা সংগ্রাম না করতেন তা হলে আমাদের এ দেশ কখনই স্বাধীন হত না। আমরা কেউ মন্ত্রী হতে পারতাম না, এমপি হতে পারতাম না। আমাদের সন্তানেরা ইউএনও, ডিসি হতেন না। যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন সে লক্ষ্য এখনও বাস্তবায়িত হয়নি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও স্বর্নিভর হিসাবে গড়ে তুলতে এক সঙ্গে কাজ করি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া, উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান প্রমুখ।