মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে আলেম সমাজের দায়িত্ব অনেক, মুসলমানদের ঐক্যবদ্ধ রাখার জন্য আলেমদের কার্যকরী ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। গতকাল বুধবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মহানগর ওলামা বিভাগ ও মসজিদ মিশনের যৌথ উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, আল্লাহ নবী রাসূল থেকে শুরু করে সকল মুসলিমদের দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন। আর তাই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আলেম ওলামাদের সর্বাগ্রে ভূমিকা পালন করতে হবে। তিনি মসজিদের ইমামদের প্রতি আহবান জানান - ঐক্য বিনষ্ট হয় এমন কোন বক্তব্য না দিয়ে এমন বক্তব্য দিতে হবে যাতে সকল মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়।

ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশন বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাওসার হামীদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো: খলিলুর রহমান মাদানী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।

এছাড়াও উপস্থিত ছিলেন লুৎফর রহমান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ এ. কিউ. এম. আব্দুল হাকিম মাদানী, বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী, বাজাররোড জামেয়া আরাবিয়া খাজা মঈনুদ্দিন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিম, হাফেজ মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা এ বি এম মুশাররফ হোসাইনসহ শীর্ষ আলেমগন।

প্রধান আলোচক মাওলানা মো: খলিলুর রহমান মাদানী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দাওয়াতি কাজের এই সুযোগকে কাজে লাগিয়ে আলেম ওলামাদের ময়দানে ভূমিকা পালন করতে হবে। তিনি সকল হিংসা বিদ্বেষ ও মতপার্থক্য ভুলে সকল আলেম ওলামাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, এদেশের আলেম ওলামারা দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। সেই বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের আলেম ওলামারা সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শরীরের তাজা রক্ত ঢেলে রাজপথে ভূমিকা পালন করেছে, কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। তিনি ইমাম খতিব ও আলেম ওলামাদের চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।