ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে প্রকাশ্যে বালু লুট করে বিক্রি করছে চিহ্নিত বালুদস্যুরা।

জানাগেছে, ধামরাই উপজেলার হাট কুশুরা এলাকায় বংশী নদী থেকে প্রকাশ্যে বালু কেটে ২৫/৩০টি ট্রাক যোগে দিনে ও রাতে বালু লুটপাট করেই চলছে স্থানীয় রাকিব হোসেন ও আওয়ামী লীগ এর দোসর বাবু নামে দুই বালুদস্যু। বংশী নদীতে বালু লুটের কারনে কবরস্থান, হিন্দুদের শ্বশান, বাড়ীঘর, রাস্তা ঘাট ও নদীর পার এখন ভাঙ্গনের মুখে। বালুদস্যু রাকিব হোসেন ও আওয়ামী লীগ এর দোসর বাবু নদীর বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই বালু লুটের বিরুদ্ধে যদি কোন ব্যাক্তি এর প্রতিবাদ করে তাহলে ঐ ব্যাক্তিকে হুমকি ধামকি সহ মারধর করে থাকেন বালুখেকু এই সন্ত্রাসী বাহিনী। বালুদস্যুরা জানান, কুশুরা ইউনিয়ন ভূমি অফিস কে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই আমরা এই বালু বিক্রি করছি। আপনি পত্রিকায় রিপোর্ট করলে আমাগো কিছুই হবে না কারন আমাদের গডফাদার আছে তার হাত অনেক লম্বা। এ দিকে বংশী নদীর বালুলুটের কারনে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব। উল্লেখ্য থাকে যে প্রশাসনের ছত্রছায়ায় চলছে বংশী নদীর বালু লুটপাট।

এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির এ প্রতিবেদককে বলেন, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।