বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুজুরুজ মেম্বার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে নিঃস্ব ৭টি দরিদ্র পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাহেরের বাড়ির বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া পরিবারের মধ্যে রয়েছেন আনু মিয়ার ছেলে ফোরকান, হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ, এয়াকুব আলীর ছেলে আবু তাহের, লেদু মিয়ার ছেলে আব্দু ছবুর, রশিদ আহমদের ছেলে টিপু, মৃত বদি আলমের স্ত্রী নাছিমা বেগম এবং বেলায়েত আলীর ছেলে রশিদ আহমদ-এর পরিবার। তাদের ঘর ও মূল্যবান সম্পদ আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকা-ের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিমের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয়দের সহযোগিতায় পাশের একাধিক পরিবারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে।’

রশিদ নামের এক ক্ষতিগ্রস্ত বলেন, ‘আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর সহায়তা কামনা করেছেন।

লক্ষ্মীপুর শহর শিবিরের কমিটি ঘোষণা

হ লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল হামদু এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসমাঈল হোসেন ফয়সাল।

গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হা: আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল আউয়াল হামদুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল হামদু শাখা সেক্রেটারি হিসেবে ইসমাঈল হোসেন ফয়সালকে মনোনীত করেন।

পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।