সাদুল্লাপুর সংবাদদাতা : ‘পরিচ্ছন্ন সাদুল্লাপুর’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এক পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা সেবার মান, ওষুধের প্রাপ্যতা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, ‘উপজেলার যেখানে ময়লা-আবর্জনা থাকবে, সেখানেই পরিষ্কার করতে হবে। পরিবেশ পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে।’

তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মন্ডল, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ‘পরিচ্ছন্ন সাদুল্লাপুর’ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হবে।

কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, কক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। অভিযানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহসান হাবীব শামীম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম, সাফদারপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এর আগে দলটির পক্ষ থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শ্যামনগর (সাতক্ষীরা)

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু দিয়ে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা সামাজিক দায়িত্বের অংশ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলগুলো পরিষ্কার রাখা সবার কর্তব্য। তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও সড়ক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে খোঁজ নেন।

এ সময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সংসদ সদস্য শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদরাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন।

উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উলিপুরে মাসব্যাপী ‘পরিচ্ছন্ন উলিপুরথ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক, বিভিন্ন অলিগলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচির কার্যক্রমে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাড. কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও নিজ নিজ বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চালানো হবে।