ভোলা সংবাদদাতা
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ভোলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ উপলক্ষ্য পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শওকত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ খলিল আব্দুর রহমান হেলাল। তিনি দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, আদর্শিক সাংবাদিকতা এবং সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। তিনি বলেন, “দৈনিক সংগ্রাম তার দীর্ঘ পথচলায় সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের পক্ষে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও পত্রিকাটি তার আদর্শিক অবস্থান থেকে কখনো বিচ্যুত হয়নি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্নে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। দৈনিক সংগ্রাম সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।”
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ ভোলা প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজের সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন, বিজয় টেলিভিশনের ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মনে আইন বক্তারা দৈনিক সংগ্রামের ৫১ বছরের সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম ও জেলা পুলিশ সুপারের সহকারী পুলিশ অফিসার উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরে পাঠকপ্রিয়তা অর্জন করে আসছে।