নলডাঙ্গা সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় যুবদল কর্মী কর্তৃক টিসিবি পণ্যের ডিলারের নগদ দুই লক্ষ টাকা চুরি অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার। নাটোরের নলডাঙ্গার ২ নং মাদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লোকমান হোসেন ভুলুর পুত্র যুবদল কর্মী রুম্মান সরদার কর্তৃক মাদনগর ইউনিয়নের টিসিবি ডিলার মোঃ মিজানুর রহমানের টিসিবি পণ্য বিক্রয়ের প্রায় নগদ দুই লক্ষ টাকা চুরি এবং পুলিশের অভিযানে অর্থ উদ্ধার সহ আসামী গ্রেফতারের ঘটনা ঘটেছে। গত ১৯ জানুয়ারি দুপুর একটার দিকে মাদনগর ইউনিয়ন পরিষদের টিসিবির চাল বিতরণের সময় যুবদল কর্মী রুম্মান উক্ত ২ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রায় পাঁচ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতার পূর্ব মাদনাগরের বাড়ি থেকে নগদ এক লক্ষ একাশি হাজার ৫০ টাকা উদ্ধার করে এবং যুবদল কর্মী রুম্মানকে গ্রেফতার করে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং বলেন নগদ অর্থ সহ আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।