আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনে ব্যাপক গণসংযোগে নেমেছেন প্রার্থী ও তাঁর নেতাকর্মীরা। দিনভর এ গণসংযোগে কৃষক-শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, আলেম-ওলামা, তরুণ সমাজ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাছিরনগরের রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নাছিরনগর সদর, বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ হাট-বাজার এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে পথসভা, উঠান বৈঠক ও ঘরে ঘরে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়। গণসংযোগকালে এলাকার দীর্ঘদিনের সমস্যা, মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক একেএম আমিনুল ইসলাম একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ শিক্ষাবিদ। ইসলামী আইন ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক একেএম আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমি ক্ষমতার মোহে রাজনীতি করতে আসিনি। নাছিরনগরের মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা ফিরিয়ে দিতেই নির্বাচনে এসেছি।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক হাসপাতাল স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন এবং চাঁদাবাজি-টেন্ডারবাজিমুক্ত সুশাসন প্রতিষ্ঠাই তাঁর মূল অঙ্গীকার। দাড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়ের প্রতীক উল্লেখ করে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা বলেন, নাছিরনগর দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। ভাঙাচোরা সড়ক, পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব এবং কর্মসংস্থানের সংকট এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। তাই এবার তারা নৈতিকতা ও সুশাসনের রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন।
স্থানীয় প্রবীণ ভোটার রহিম মিয়া বলেন, অনেক এমপি এসেছেন-গেছেন, কিন্তু বাস্তব উন্নয়ন দেখিনি। এবার আমরা প্রতীক নয়, নীতি ও সততার পক্ষে ভোট দেব। দাড়িপাল্লাই আমাদের ভরসা।
তরুণ ভোটারদের মাঝেও দাড়িপাল্লার প্রতি আগ্রহ স্পষ্ট। নাছিরনগরের এক কলেজশিক্ষার্থী সাদি সাইফ বলেন, আমরা চাকরি ও দুর্নীতিমুক্ত সমাজ চাই। দাড়িপাল্লার প্রার্থী আমাদের সেই স্বপ্নের কথা বলছেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা জামায়াতের শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান বাপ্পী, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ রুকন উদ্দিন, সরাইল উপজেলা জামায়াতের আমির মাওলানা এনাম খাঁ', আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়াসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।