রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর পর মারা গেলেন সাংবাদিক কামাল মালিক (৫৫)। গত সোমবার দুপুরে তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কামাল মালিক এক ধরনের রাসায়নিক পান করেছিলেন। তার চার হাত-পায়েও জখম ছিল। গত ৩০ জানুয়ারি পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছিল। এরপর কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে দেয়া হয়। সোমবার দুপুরে তিনি সেখানেই মারা যান। গত ৩০ জানুয়ারি ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ওই বাসায় যায়। বাসাটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখন কামাল মালিককে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর তার স্ত্রী রওশন আরা (৫০) পড়ে ছিলেন মেঝেতে। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। পুলিশ দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে রওশন আরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর কামাল মালিক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা। ঘটনার পরদিন কামাল মালিকের শ্যালক শাহাদত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে কামাল মালিককে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকেই কামাল মালিক পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।