বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, “যে ইমামের নেতৃত্বে মসজিদে সালাত কায়েম হয়, সেই ইমামের নেতৃত্বেই ইনশাআল্লাহ সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং গড়ে উঠবে ইনসাব, ন্যায়, শান্তি ও মানবিকতায় পরিপূর্ণ একটি অপরাধমুক্ত সমাজ।
রাজশাহী মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে ইমাম প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল গতকাল সকাল ১০টা থেকে রাজশাহী মসজিদ মিশন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী মসজিদ মিশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন।
ড. মাদানী আরো বলেন, ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা ও ন্যায়ই ইনসাফের ভিত্তিতে মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচক প্রফেসর ডঃ ও বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যথাক্রমে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন,অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া, মো: আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন মাওলানা কুদ্দুসুর রহমান প্রমুখ।
জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল ইমাম-খতিবদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্মেলনটি এক দাওয়াতি চেতনা ও ঐক্যবদ্ধ অঙ্গীকারের মঞ্চে পরিণত হয়। বক্তারা বলেন, সমাজ থেকে শিরক ও বিদআত দূরীকরণ, নৈতিকতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনে ইমাম-খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদকে কেন্দ্র করে সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং মানুষকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান জানাতে ইমাম-খতিবদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।