বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত ছুটি বাস্তবায়নে অফিস বন্ধ ঘোষনা করে একটি আদেশ জারি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এ আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘœ রাখতে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখা, অর্থ ও হিসাব দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং আইসিটি শাখা সীমিত আকারে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত এ অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি। প্রেসবিজ্ঞপ্তি।