নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: বাবার সেই স্মৃতিবিজড়িত আসনে ধানের শীষের রাজকীয় বিজয় নিশান উড়িয়ে সংসদ সদস্য হিসেবে অভিষেক হতে না হতেই বড় চমক দেখালেন ইয়াসের খান চৌধুরী (এমপি)। প্রথমবার নির্বাচন করেই বাজিমাত করেছেন তিনি। তাঁর মেধা, যোগ্যতা ও বিশ্বমানের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাঁকে নবগঠিত সরকারের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল (১৫৪ ময়মনসিংহ-৯) আসনের এই তরুণ সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির আহ্বায়কের এমন সাফল্যে এখন উল্লাসে ভাসছে পুরো নির্বাচনী এলাকা। সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যেই বইছে আনন্দের জোয়ার।

ইয়াসের খান চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘ সময় লন্ডনে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘বিবিসি’র টেলিভিশন নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিদেশের মাটিতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার অবারিত সুযোগ থাকা সত্ত্বেও নাড়ির টানে এবং প্রয়াত বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তিনি দেশে ফিরে আসেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃসময়ে রাজপথে থেকে তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি, যার প্রতিফলন ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ভোটের ফলাফলে।

আইটি জগত থেকে সরাসরি রাজনীতির ময়দানে এসে ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নান্দাইলবাসী তাঁদের লালিত স্বপ্নের প্রতিফলন দেখছেন। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, একজন উচ্চশিক্ষিত, আধুনিক মনস্ক ও প্রযুক্তিবিদ নেতাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় দেশের তথ্য ও গণমাধ্যম খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সেই সঙ্গে আধুনিক ও বৈষম্যহীন ‘স্মার্ট নান্দাইল’ গড়ার পথ প্রশস্ত হবে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন বলেন, "আমরা একজন যোগ্য ও বিশ্বমানের বিশেষজ্ঞকে আমাদের প্রতিনিধি হিসেবে পেয়ে গর্বিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলের উন্নয়ন হবে আরো আধুনিক ও স্মার্ট। ইয়াসের খান চৌধুরীর এই অভিষেক নান্দাইলের রাজনীতির ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে।"