স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং নির্ধারিত মূল্যে বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় গাজীপুরের কুনিয়া ও তারগাছ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ সালেহুর রহমান এবং আহমেদ আলী আদনানের নেতৃত্বে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে তদারকি করা হয়।
অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অভিযোগে পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় জ্বালানি তেল সঠিক পরিমাপে বিক্রি, নির্ধারিত মূল্য মেনে চলা এবং অবৈধভাবে মজুদ না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।