হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর হাতিয়ায় তারাবির নামাজ শেষে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে এক ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা আহত ইমামকে উদ্ধার করে রাতেই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের হাজী রগবত আলী জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইমাম রবিয়ল হোসেন একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। জানা যায়, রবিয়ল হোসেন সংসদ নির্বাচনে শাপলা প্রতীকের প্রার্থীর একজন সমর্থক ছিলেন এবং তার বিজয়ের জন্য দুই খতম কোরআন মানত করেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা কয়েকবার তাকে মারধরের চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনার দিন ইমাম রবিয়ল হোসেন যথারীতি তারাবির নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পুনরায় মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ইমামের কক্ষের দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বেদম মারধর করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
হাতিয়ায় মসজিদের ইমামকে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় তারাবির নামাজ শেষে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে এক ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।