স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর ও দক্ষিণ) ধারাবাহিক বিশেষ অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় ৫৮৫ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ডিবি (দক্ষিণ) বিভাগের দুটি টিম পৃথক অভিযানে বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আলাউদ্দিন মার্কেট এলাকায় আলমগীর (৩০) ও সাজেদুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাদিম (২৭) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়।

অন্যদিকে, ডিবি (উত্তর) বিভাগ সদর থানাধীন সালনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে টেককাথোরা এলাকার একটি দোকানের সামনে থেকে সাব্বির হোসেন রনি (২৬) কে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।