জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের নামে মিথ্যা অপবাদ দিয়ে খাজানগরে ভাড়াটিয়া মহিলাদের দিয়ে মিছিল করার প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খাজানগরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা মহিলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য কললি বেগম ও সামছুল নাহার আঁখিসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে এলাকার মহিলা জামায়াতের কর্মী ছাড়াও কয়েক শত সাধারন ধর্মপ্রাণ মহিলা অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ মিছিলে মহিলা জামায়াতের নেত্রীরা জানান, আমীরে জামায়াতের নামে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপির নেতাকর্মীরা খাজানগরের নিরীহ সাধারন নারীদের টাকার বিনিময়ে ভাড়া করে মিছিল করিয়েছে। এ মিথ্যা অপবাদ ও চক্রান্তের তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অপরদিকে আমিরে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বটতৈল ইউনিয়ন জামায়াত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি দোস্তপাড়া এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাজানগর জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলী, কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক সামছুল হক রুবেল, বটতৈল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াত আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।