খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। রোববার দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই প্রতিফলন।
নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ৬২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. বাচ্চু মিয়া ২৪৬ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. শফিউল আলম ২৮৬ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মো. মহসিন চৌধুরী ও এডভোকেট মো. মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক এডভোকেট জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন এডভোকেট মোহাম্মদ আশিকুজ্জামান, এডভোকেট নারায়ণ কুমার ম-ল, এডভোকেট আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, এডভোকেট স্বর্ণালী দাশ, এডভোকেট শেখ সোহান ইসলাম, এডভোকেট মো. শাহজাহান ঠাকুর এবং এডভোকেট শাকিরা ফেরদৌস (রিমি)।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদ ২০২৬-এর চেয়ারম্যান এডভোকেট সেখ আব্দুল আজিজ, সদস্য এডভোকেট এস এম মনজুর কাদের ও এডভোকেট এস এম মুজিবর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল আইনজীবীর সহযোগিতা কামনা করেন।
এদিকে, ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং তারা আনন্দ মিছিল করেন।