আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, বিভিন্ন উপকরণ ও দুগ্ধ খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি দুপুরে আদমদীঘি প্রাণিসম্পদ অফিস চত্বরে এই উপকরন ও মিল্কিং মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, ডা: পূজা সাহা, মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার রাশেদ প্রমুখ।
উল্লেখ্য এবার সম্মলীত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার ২৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৫০টি ছাগল, ৫০টি ঢেউটিন, ১শটি সিমেন্টের খুটি, প্লাস্টিক ফ্লোরম্যাট ১২৫টি, প্রতি জনকে ২৫ কেজি দানাদার খাদ্যসহ দুগ্ধ খামারিদের মাঝে ৭টি মিল্কিং মেশিনসহ মোট ২৮০ পরিবারের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়।
ফ্যামিলি কার্ডের নামে জাতিকে আমরা ভিক্ষুক বানাতে চাই না
নাটোর সংবাদদাতা : নাটোর-২ (সদরÑনলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, ফ্যামিলি কার্ডের নামে জাতিকে আমরা ভিক্ষুক বানাতে চাই না।
দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ জাতিকে ফ্যামেলি ও কৃষি কার্ডের নামে ভিক্ষাবৃত্তি করাতে চায়। এদেশে চাঁদাবাজ একটি দল সব সময ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়। এই ভয় ভীতি দেশের জনগণ কখনো মেনে নিবেনা। কোন ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। আপনারা সবাই সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন। গত ২৯ জানুয়ারি সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার সাথে ও পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কাজ দরকার। আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা যদি করতে না পারি, আর কোনো দিন আপনাদের কাছে আসব না।